আপনাদের ঋণ কোনো দিন ভুলব না : এমপি আবদুর রউফ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আপনাদের ঋণ কোনো দিন ভুলব না : এমপি আবদুর রউফ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৭, ২০২৪

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  পোলিং এজেন্টদের সঙ্গে স্থানীয় এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ( ৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার সুরভীকুঞ্জ কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করেন কুষ্টিয়া-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আবদুর  রউফ।

মত বিনিময় সভা উপলক্ষে শত শত নেতাকর্মীদের ঢল নামে মতবিনিময় সভায়। উপজেলায় প্রথমবারের মত আয়োজিত এমন অনুষ্ঠানে ১০০ টি কেন্দ্রের ৭৫৫ জন পোলিং এজেন্টসহ প্রায় নয়’শ আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় মতবিনিময় কালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষের হামলা, নির্যাতন ও নিপীড়নের ঘটনার স্মৃতিচারণ করে আবেগে কেঁদে ফেলেন এমপি ও পোলিং এজেন্টরা। সভায় পোলিং এজেন্ট নাজমুল হোসেন বলেন, ‘ শক্তিশালী নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে আমরা হামলা, নির্যাতন, নিপীড়ন ও মামলার শিকার হয়েছি। এমপির কাছে আমরা মাসিক ভাতা প্রদানের দাবি জানায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানের শুরুতে প্রায় ৪৩ সেকেন্ড ধরে কাঁদেন এমপি আব্দুর রউফ।

তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও অত্যাচারীদের শত নির্যাচত সহ্য করে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ঋণ কোনোদিন ভুলব না। আপনাদের যেকোনো চাওয়া পাওয়া পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরো বলেন, ভোটের দিন পোলিং এজেন্টদের সঠিকভাবে দাঁয়িত্ব পালন করা অত্যন্ত জরুরি।

পোলিং এজেন্টরা চাইলেই নিরপেক্ষ ভোট উপহার দিতে পারেন। সকলকে সাথে নিয়ে এলাকায় সকলখাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।তিনি বলেন,  ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন। কোন চাঁদা দিতে হবেনা। তবে সবাইকে সততার সাথে থাকতে  হবে। কোন ভেজাল বা দুর্নীতি করা যাবেনা।

আমাকে ভোট দিয়েছিলেন বলেই আজকে এই অঞ্চলে উন্নয়ন হচ্ছে। মতবিনিময় সভায় কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভাষ দত্ত, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আলতাফ মাহমুদ প্রমুখ। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ( সাবেক এমপি) কে পরাজিত করে ট্রাক মার্কা প্রতীকে বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ।