নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ে ফেয়ার-এর আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-এর সহায়তায় দুই দিনব্যাপী আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা ২০২৫ কমিটির আহ্বায়ক এবং দিনমণি মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়ার প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডা. এস. এম. খসরুজ্জামান মকুল, কুষ্টিয়া সরকারি কলেজ এর হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ফেয়ার এর নির্বাহী সদস্য প্রফেসর সাবিহা সুলতানা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আড়ুয়াপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের জ্ঞান ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আজ শিক্ষার্থীরা যে বিজ্ঞান প্রকল্পগুলো উপস্থাপন করেছে, আগামী দিনে তাদের মধ্য থেকেই অনেকেই বিজ্ঞানী ও গবেষক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাবে।” অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। মেলার দ্বিতীয় দিনের সকালে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতাটি এর সভাপতি কাজী রফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজ এর প্রাণিবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর লাল মোহাম্মদ। বিতর্ক প্রতিযোগিতায় মোট আটটি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া ডিবেটিং সোসাইটিএর সদস্যবৃন্দ। উভয় ইভেন্ট এ স্বাগত বক্তব্য প্রদান করেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান।
দুই দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় স্পন্সর হিসেবে সহযোগিতা প্রদান করে একে আজাদ এন্ড কোং (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট), এমটু সলিউশন এবং আগামী প্রকাশনী। এই আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে সহায়ক পরিবেশ সৃষ্টি করা। একই সঙ্গে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান ক্লাব কার্যক্রমকে সক্রিয় করা, হাতে–কলমে বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, যুক্তিবোধ ও দলগত কাজের সক্ষমতা বৃদ্ধি করা এ মেলার অন্যতম উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে বাস্তবভিত্তিক শেখার সুযোগ তৈরি করে, যা ভবিষ্যৎ বিজ্ঞানী ও গবেষক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য, ফেয়ার ২০১৯ সাল থেকে কুষ্টিয়া সদর উপজেলায় ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয়করণ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, যুক্তিভিত্তিক চিন্তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।
