দ্বাদশ সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফকে শোকজ করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হানিফ-আতাকে শোকজ
একই সঙ্গে তার ভাই কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাকেও শোকজ করা হয়। রোববার (২৪ ডিসেম্বর) তাদেরকে শোকজ নোটিশ পাঠিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি। তাদেরকে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে, ২৪ ডিসেম্বর নৌকার প্রার্থী মাহাবুব-উল আলম হানিফ কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে কুষ্টিয়া সদর উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দের আয়োজনে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ও জাতীয় নতুন শিক্ষা কারিকুলাম ২০২১ শীর্ষক সাতদিন ব্যাপী ট্রেনিংয়ের শেষ দিনে তাদেরকে নির্বাচনী জনসভা করতে বাধ্য করেন। যা ২০০৮ এর নির্বাচনী আচরণবিধি ১৪ এর লঙ্ঘন।
এজন্য আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১টায় সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে তাকে লিখিত বক্তব্য নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ চলছে। কলকাকলি ছাড়াও কয়েকটি স্কুলে ভ্যানু করা হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নেসা সবুজ কলকাকলি স্কুলের প্রধান শিক্ষক ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। তিনি মুলত শিক্ষকদের ব্যানারে এ আয়োজনটি করেন। গতকাল রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শুরু হয় মতবিনিময় সভা। ব্যানারে ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ও জাতীয় নতুন শিক্ষা কালিকুলাম ২০২১-বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় উল্লেখ করা হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মাহবুবউল আলম হানিফ। এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে দুইজন শিক্ষক বলেন,‘ মতবিনিময় সভার কারনে আজকের (গতকালের) প্রশিক্ষণ প্রায় এক ঘন্টা দেরিতে শুরু হয়। আগের দিন প্রশিক্ষণ নিতে আসা সকল শিক্ষককে মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। মতবিনিময় সভা শেষে সকাল ১০টার পরে শুরু হয় প্রশিক্ষণ।’ শিক্ষকরা বলেন, সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ দেশ ওজাতি গঠনে শিক্ষকদের আরো বেশি করে ভুমিকা রাখার আহবান জানিয়ে বক্তব্য রাখেন। তিনি নির্বাচন ও ভোটের বিষয়ে কোন কথা বলেনি। শিক্ষা ও বঙ্গবন্ধুর দর্শন নিয়ে কথা বলেন। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ বলেন,‘ আমাদের ভ্যানু কুষ্টিয়া হাইস্কুল। অনেক শিক্ষকের আসতে একটু দেরি হয়েছে। কেউ কেউ ১০টার দিকে এসেছিল। কোন মতবিনিময় সভার বিষয়টি তার জানা নেই বলে দাবি করেন।’ কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নেসা সবুজ বলেন,‘ শিক্ষকরা মতবিনিময় সভার আয়োজন করেছিল। জাস্ট এমপি মহোদয় এসে তাদের সাথে কথা বলেছে। আমার স্কুলের মাঠে সভাটি হয়েছে।’ শোকজের বিষয়ে জানতে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।
শোকজের বিষয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য, নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, এ বিষয়ে আমি এখনও কিছু জানি না।
এই বিষয়ে জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছার’র কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু জানিনা। আপনি এডিএম (অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট) বা জেলা প্রাশাসক মহোদয় এর সাথে যোগাযোগ করেন। এই বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল বলেন, আমি আপনার মাধ্যমেই শুনলাম। নিউজটা আমি জানি না।
