আগামীর বাংলাদেশ মদিনা সনদের ভিত্তিতে পরিচালনার আহ্বান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আগামীর বাংলাদেশ মদিনা সনদের ভিত্তিতে পরিচালনার আহ্বান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১১, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ আগামীর বাংলাদেশকে ন্যায়ভিত্তিক, মানবিক ও শান্তিপূর্ণ কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মদিনা সনদের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও চিন্তাবিদরা। গতকাল শনিবার (১০ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া সদর মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক ইসলামিক দাওয়াহ কনফারেন্সে বক্তারা এ আহ্বান জানান। “মদিনা সনদ: কল্যাণ ও মানবিক সমাজ গঠনের আদর্শ মডেল” শীর্ষক এ কনফারেন্সের আয়োজন করে মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.) প্রতিষ্ঠিত দাওয়াতি ও মানবিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখা।

সংগঠনের জেলা আমির মাওলানা মুহাম্মাদ মুশাররফ হুসাইনের সঞ্চালনায় এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। গেস্ট অব অনার ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের অভিভাবক পরিষদের সদস্য ড. মুহাম্মদ আব্দুর রহমান আনওয়ারী। কনফারেন্সে কী-নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। তিনি বলেন, মদিনা সনদ কোনো নির্দিষ্ট সময়ের দলিল নয়; এটি মানবিকতা, ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সহাবস্থানের এক চিরন্তন রাষ্ট্রীয় দর্শন। আগামীর বাংলাদেশ গঠনে এ সনদের আদর্শ বাস্তবায়নই হতে পারে টেকসই শান্তি ও কল্যাণের পথ।”

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “মদিনা সনদ মানবসভ্যতার ইতিহাসে একটি যুগান্তকারী দলিল। বহুধর্মীয় ও বহুজাতিক সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের যে অনন্য মডেল এটি উপস্থাপন করেছে, তা আজকের বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে আরও বেশি প্রাসঙ্গিক।” গেস্ট অব অনার অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রহমান আনওয়ারী বলেন, “মদিনা সনদ কেবল ইসলামী ইতিহাসের অংশ নয়; এটি আধুনিক সংবিধান, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের মৌলিক দর্শনের একটি শক্ত ভিত্তি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি কুষ্টিয়া জেলার সভাপতি মাওলানা ইব্রাহিম হুসাইন কাসেমী, জেলা উলামা পরিষদের মহাসচিব মাওলানা রফিকুল ইসলাম নদভী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলীসহ দেশবরেণ্য আলেম, দাঈ, শিক্ষাবিদ ও চিন্তাবিদবৃন্দ। বক্তারা বলেন, ন্যায়বিচার, মানবিকতা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতির ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গঠনে মদিনা সনদের আদর্শ অনুসরণ সময়ের অনিবার্য দাবি। এ লক্ষ্যে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।