মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া-৪ আসনের এমপি প্রার্থী শাতিল আহমেদ তিয়াসের নেতৃত্বে নির্বাচনী জনসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৪ টার সময় কুমারখালী বাস টার্মিনালে এই জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে শহীদ গোলাম কিবরিয়া সেতু চত্বরে ব্যানার, ফেস্টুন ও নেতাকর্মীদের স্লোগানে উৎসবমুখর পরিবেশে দলের নেতাকর্মীদের অংশগ্রহণে গণ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনালে এসে শেষ হয়। জনসভায় কুমারখালী সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ফারহান নিলয়ের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের বাংলাদেশ গনঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাকিল আহমেদ তিয়াস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহ্বায়ক শরিফুল ইসলাম, রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আতাউল্লাহ শামীম, মহসিন হলের ভিপি শাকিল মিয়া সহ জেলা ও উপজেলা পর্যায়ের গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভায় শাকিল আহমেদ তিয়াস বলেন, আমি প্রতিটা মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছি। এই অঞ্চলের মানুষের ভালো সাড়া পাচ্ছি। আমি ১৬ বছর নির্যাতিত হয়েছি। আমি রাজ পথের মানুষ, আমি এই অঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই। সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ভোটাররা। আমাকে সবাই মনে রেখেছে এটাই আমার বড় পাওয়া। দেশে আগামীর নেতৃত্ব দেবে তরুণ রায়।
