খোকসা প্রতিনিধি ॥ অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ ঘিরে জেলায় ব্যাপক আলোচনার পর অবশেষে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। রোববার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ আদেশ কার্যকর হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ জানায়, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সূত্রপাত হয়, যখন খোকসা উপজেলার এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী লিখিতভাবে কুষ্টিয়া জেলা প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা চেয়ে আবেদন করেন।
ওই আবেদনে তিনি অভিযোগ করেন, শিমুলিয়া ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতার মাধ্যমে তার কাছে এক লাখ টাকা অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ সংগ্রহ করে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। দাবি পূরণে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। অভিযোগের বিষয়টি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে তদন্তের আশ্বাস দেওয়া হয়। সেসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. জসিমউদ্দিন বলেন, যেহেতু বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে, তাই খোকসা থানার ওসি মোতালেব হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
