বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় সুফলভোগীদের জন্য আয়োজিত “গরু মোটাতাজাকরণ” শীর্ষক ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন।
বিআরডিবি কুষ্টিয়ার উপপরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মিজানুর রহমান এবং যুব প্রশিক্ষণ কেন্দ্র কুষ্টিয়ার ডেপুটি কো-অর্ডিনেটর শাহনাজ পারভীন রিপা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন বলেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গরু মোটাতাজাকরণ সম্ভাবনাময় খাত। সঠিক প্রশিক্ষণ ও আধুনিক পদ্ধতি অনুসরণ করলে অল্প সময়ের মধ্যেই সুফলভোগীরা লাভবান হতে পারবেন।
তিনি আরও বলেন, সরকার গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে, যার অংশ হিসেবেই এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গরু লালন-পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং বাজারজাতকরণ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করবেন। এতে করে গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই জীবিকায়ন নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সুফলভোগীরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, কুষ্টিয়া।
