বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু মোটাতাজাকরণ বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ ভাতা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সরকার ফাউন্ডেশন, কমলাপুর কুষ্টিয়ার আয়োজনে তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার ফাউন্ডেশনের সভাপতি ও কুষ্টিয়া-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, গ্রামবাংলার অর্থনীতিকে শক্তিশালী করতে দক্ষ খামারি তৈরি করা অত্যন্ত জরুরি। গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ শুধু পশুপালন নয়, বরং যুবসমাজকে স্বনির্ভর ও উদ্যোগী হতে সহায়তা করবে। মানসম্মত প্রশিক্ষণ পেলে এ অঞ্চলের তরুণরা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে।
তিনি অংশগ্রহণকারীদের শেখা দক্ষতা কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর দেশের যুবকদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে আসছে। গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ স্থানীয়ভাবে কর্মসংস্থানের নতুন দ্বার খুলে দেবে। সরকার ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, প্রশিক্ষণার্থীরা আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, ও বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে শিক্ষা পেয়েছেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে সনদপত্র ও নির্ধারিত ভাতা প্রদান করা হয়।
এসময় কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মুন্সি আব্দুর রহমান, জিয়ারখি ইউনিয়ন বিএনপির নেতা হাসিনুর রহমান রাজু, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশিক্ষক, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে কুষ্টিয়ার গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
