সমাজের সকল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: আহমেদ মাহবুব-উল ইসলাম - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সমাজের সকল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: আহমেদ মাহবুব-উল ইসলাম

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জেলা পর্যায়ে “গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে, গতকাল সোমবার (১৮ মে) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, গ্রাম আদালত এভিসিবি-৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার ফিরোজ হোসেন।

বিভিন্ন উপজেলায় কর্মরত গ্রাম আদালত সমন্বয়কারী কুমারখালী উপজেলা আরিফুল ইসলাম, খোকসা উপজেলা মোশাররফ হোসেন, কুষ্টিয়া সদরের মাজেদা খাতুন ও তৌহিদুল ইসলাম, মিরপুর উপজেলার তৈমুর হায়াতী ও শিউলি আক্তার, ভেড়ামারা উপজেলার গোপাল চন্দ্র শাহা, দৌলতপুরের এনামুল হক  ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এতে জেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা- হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগন অংশ গ্রহণ করেন।

তবে যেখানে হিসাব সহকারী কর্মরত নেই সে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা অংশ নেন। সভায় গত অর্ধ বছরের গ্রাম আদালতের কার্যক্রম, মামলা নিষ্পত্তির হার, বিচারপ্রার্থীদের সন্তুষ্টি, আদালত পরিচালনায় উদ্ভাবনী উদ্যোগ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম আরও গতিশীল করতে প্রশিক্ষণ বৃদ্ধি, সচেতনতা কার্যক্রম জোরদার করা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালুর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপসচিব আহমেদ মাহবুব-উল ইসলাম বলেন, গ্রাম আদালত হলো গ্রামীণ জনগণের ন্যায়বিচার পাওয়ার প্রথম স্তর। স্থানীয় পর্যায়ে দ্রুত ও সুলভ বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করতে হবে। সমাজের সকল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে ছোটখাট বিরোধগুলো আদালতে না এনে যাতে করে স্থানীয় পর্যায়ে মীমাংসা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করা জরুরী। তিনি আরো বলেন, গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে।

 

মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে বেশি করে জানতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে গ্রাম আদালতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এভিসিবি-৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার ফিরোজ হোসেন। পরে সভা শেষে জেলার ৬৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে অর্ধ বার্ষিকী জরিপ করে যে ইউনিয়নে মামলা গ্রহণ ও নিষ্পত্তি ভালো ছিলো তাদের মধ্যে তিনটি ইউনিয়নকে বিজয়ী পুরুস্কার দেওয়া হয়। এর আওতায় হাটশ হরিপুর ১ম, গোপগ্রাম ২য়, ধুবইল ৩য় স্থান অধিকার করে।