কুষ্টিয়ায় হোটেল শ্রমিকদের ঈদ বোনাস দাবিতে বিক্ষোভ সমাবেশ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় হোটেল শ্রমিকদের ঈদ বোনাস দাবিতে বিক্ষোভ সমাবেশ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২১, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় হোটেল শ্রমিকদের ঈদ বোনাস দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ-উল-আজহার  পূর্বেই এক মাসের মজুরির সমপরিমাণ উৎসব ভাতা পরিশোধ, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান, হাজিরা খাতা, সার্ভিসবুক, ঘোষিত নিম্নতম মজুরির গেজেট ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে, গতকাল বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া মজমপুর ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন বি ২১২৬ কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি রমজান বিশ্বাসের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় পাল এর পরিচালনায় মজমপুর ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা আহ্বায়ক সোলায়মান পারভেজ, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক লিয়াকত মৃধা , সদস্য আছির উদ্দিন, রবিন খাঁ,  জনি শেখ, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা সদস্য তোরাপ আলী ব্যাপারি প্রমূখ নেতৃবৃন্দ।

এসময় শ্রমিক নেতারা বলেন,  শ্রমিক ছাঁটাই-নির্যাতন, আসন্ন ঈদ-উল-আজহার  পূর্বেই এক মাসের মজুরির সমপরিমাণ উৎসব ভাতা প্রদান,  নিয়োগপত্র  পরিচয়পত্র প্রদান, হাজিরা খাতা, সার্ভিসবুক, ঘোষিত নিম্নতম মজুরির গেজেট ও শ্রম আইনের অধিক্ষেত্র কুষ্টিয়া জেলায় অবস্থিত সকল হোটেল ও রেস্তোরাঁ প্রতিষ্ঠানসমূহে অবিলম্বে কার্যকর করা ও শ্রম আইন বাস্তবায়নের ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরো বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলে ৮ বছর পর গত বছরের ৫ মে (২০২৫) হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী যে মাসে গেজেট ঘোষণা হয়, সেই মাস থেকেই ঘোষিত মজুরি কার্যকর করার কথা। অথচ প্রায় ১২ মাস অতিবাহিত হতে চললেও এখনও পর্যন্ত হোটেল ও রেস্তোরাঁ প্রতিষ্ঠানসমূহে ঘোষিত গেজেট বাস্তবায়ন করা হয়নি। সে লক্ষ্যে সরকার ঘোষিত মজুরির বিষয় নিশ্চিতে জোর দাবি জানান তারা।