কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলসহ ৪ জন আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলসহ ৪ জন আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার (১৭ মে) কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাঁস ক্যানালপাড়া ও বড় আইলচাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক কারবারিকে আটক করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়া।

অধিদপ্তর সূত্রে জানা যায়, দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কুষ্টিয়া সদর থানার চৌড়হাঁস ক্যানালপাড়া এলাকায় অভিযানে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন সুজন (৩০) ও সৌমেন (৩৫)। তারা উভয়েই চৌড়হাঁস ক্যানালপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় উপপরিদর্শক আসিফুজ্জামানের প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম এবং মেহেদী হাসান রিফাত। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

পরে তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে একই দিনে কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ বাবলু জোয়াদ্দার (৬০) ও নিশান (২৪) নামে আরও দুইজনকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উপপরিদর্শক মো. রাসেল কবীরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম। পরে তাদের সাজা প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।