বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৪ জুন) জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদক উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়। কুষ্টিয়া “খ” সার্কেলের অভিযানে কুমারখালী থানার চরবানিয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মোছাঃ হাসি খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি চরবানিয়াপাড়া এলাকার বাসিন্দা।
সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে তার বসতবাড়ি থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক আসিফুজ্জামান বাদী হয়ে কুমারখালী থানায় নিয়মিত মামলা দায়ের করেন। অপরদিকে, কুষ্টিয়া সদর উপজেলার শান্তিনগর বোয়ালদাহ এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে মোঃ চান্নু (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপপরিদর্শক মোঃ ইকবাল হোসেনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ জাকিউল আলমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া কুষ্টিয়া “ক” সার্কেলের উদ্যোগে সদর থানার থানাপাড়া ও চর আমলাপাড়াসহ বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মোবাইল কোর্ট অভিযানে আরও ৩ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ প্রসিকিউশন দাখিল করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
