কুমারখালীতে দুটি ওয়ার্কশপের দোকানে রহস্যজনক চুরি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে দুটি ওয়ার্কশপের দোকানে রহস্যজনক চুরি 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৫, ২০২৬

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তরুণ মোড় সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে নজরুল ও সোনালী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে দুটি দোকানে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। কুমারখালীতে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে চুরি আতংক। গতকাল রবিবার (২৪ মে) ভোর রাতে একটি নীল রঙের পিকআপ ভ্যান যোগে ৫ থেকে ৬ জন চোর চক্রের সদস্যরা তরুণ মোড় সংলগ্ন নজরুল ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের দোকানের তালা ভেঙে একটি ওয়েল্ডিং মেশিন চুরি করে পরবর্তীতে শাতিল মার্কেট থেকে সাইকেল মেকার খোকনকে জিম্মি করে সোনালী ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আরও ওয়েল্ডিং মেশিন চুরি করে পিক-আপ ভ্যানযোগে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সাইকেল মেকার খোকনের ভাষ্য অনুযায়ী নিরাপত্তা নিয়োজিত জ্যাকেট পরিহিত ৫/৬ জন যুবক এসে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে দোকানের ভেতর আটকে রেকে পাশের দোকানের তালা ভেঙে চুরি করে। ভুক্তভোগীদের দাবী,ওয়ার্কশপে আরও অনেক প্রয়োজনীয় দামী জিনিসপত্র থাকলেও চোর চক্রটি শুধুমাত্র ওয়েল্ডিং মেশিন গুলো নিয়ে গেছে,হয়তো এই চক্রটি আরও বড় ধরনের কোন চুরি ডাকাতির পরিকল্পনা করছে। স্থানীয়রা বলছেন, তরুণ মোড় এলাকায় এর আগেও বেশ কয়েকটি দোকানের চুরির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোন চুরির সঙ্গে জড়িতদের সনাক্ত করা যায়নি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন,এই ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।