এস বি সুপার ডিলাক্স পরিবহনের তিনজন গ্রেপ্তার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এস বি সুপার ডিলাক্স পরিবহনের তিনজন গ্রেপ্তার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৭, ২০২৬

ঢাকা অফিস ॥ রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসডুবির ঘটনায় চালক, সহকারী ও সুপারভাইজরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৬ জুন) দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাতে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার তিনজন হলেন-কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর এলাকার বাসচালক মো. ঝন্টু আলী (৪৮), কুষ্টিয়ার সুগ্রীবপুর এলাকার সুপারভাইজার মো. আজমল হোসেন (৩৮) এবং আলামপুর এলাকার হেলপার শাকিব হোসেন (২২)।

শুক্রবার রাতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় এই গ্রেপ্তার তিনজনসহ এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি পরিচালনাকারী কর্তৃপক্ষের অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে মেহেরপুরের গাংনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি ৭ নম্বর ঘাটে পৌঁছায়। এ সময় নৌ পুলিশ ও বিআইডব্লিউটিসি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা  ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার জন্য চালককে নির্দেশ দেন। নির্দেশনা অনুসারে প্রায় ৩৭ থেকে ৪০ যাত্রী বাস থেকে নেমে যান।

এর কিছুক্ষণ পর বাসের চালক ঝন্টু আলী বাসটি স্টার্ট দিয়ে বেপরোয়া ও অবহেলামূলকভাবে চালাতে শুরু করেন। এজাহারে আরও বলা হয়, বাসটিকে তার জন্য নির্ধারিত ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’-এ না তুলে  দ্রুতগতিতে পন্টুন অতিক্রম করে ‘করবী অক্সফ্যাম’ নামের অপর একটি ফেরিতে উঠান চালক। পরে ফেরিটির শেষ প্রান্তের র‌্যাম্পে সজোরে ধাক্কা দিলে র‌্যাম্পের শিকল ও সিটকিনি ছিঁড়ে বাসটি নদীতে পড়ে যায়। এ ঘটনায় ফেরির অবকাঠামো ও যাত্রীদের মালামাল মিলিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয় এজাহারে। তিনি আরও বলেন, বাসটি নদীতে পড়ে যাওয়ার আগে সুপারভাইজার ও হেলপার লাফ দিয়ে ফেরিতে নেমে যান।

অন্যদিকে চালক সাঁতরে পন্টুনের কাছে এলে নৌ পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নৌ-পুলিশের করা মামলায় বাসের চালক, হেলপার ও সুপারভাইজরকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, ‘মামলার এজাহারভুক্ত আসামি বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতারের পর শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাসের পরিচালককে গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’

রাজবাড়ীর দৌলতদিয়ায় বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় বাসচালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা করেছে নৌ-পুলিশ। মামলার পর শনিবার (৬ জুন) তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গোয়ালন্দঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।